আরো নিখুঁত ডিআরএস চান ওয়াকার ইউনুস

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৯:২৯
একটি নিখুঁত ও ধারাবাহিক ডিসিশন রিভিউ সিস্টেম(ডিআরএস) চান পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস। দলটির প্রধান কোচ ইউনুস মনে করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ব্যবহৃত বর্তমান ডিআরএসে আরো উন্নতি করার অনেক ক্ষেত্র রয়েছে।
 
বর্তমান ডিআরএসে অধিকাংশ সময়ই টিভি আম্পায়াররা মাঠ আম্পয়ারদের সিদ্ধান্ত বহাল রাখেন বলে উল্লেখ করেন পাকিস্তান দলের সাবেক এ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ এবং সব চেয়ে বেশি সেঞ্চুরি করায় দলের সিনিয়র ব্যাটসম্যান ইউনুস খানের সম্মানে দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে এ কথা বলেন ওয়াকার। অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, আইসিসির উচিত পদ্ধতিটির খুঁটিনাটি আরো ভালভাবে পরীক্ষা করা।
 
ওয়াকার বলেন,  বর্তমান পদ্ধতিতে একজন আম্পায়ার নট আউট সিদ্ধান্ত দিলে টিভি আম্পায়ারের সে সিদ্ধান্ত পরিবর্তন করা বেশ কঠিন। ফিল্ড আম্পায়ারদের কল মার্জিন ৫০ থেকে ৭৫ শতাংশ বাড়ানো উচিত বলেও আমি মনে করি। বর্তমানে চলমান পদ্ধতির কারণে ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত দেয়ার ধারাবাহিকতাও কম বলে উল্লেখ করেন তিনি। অতীতে ডিআরএসকে সমর্থন করা ওয়াকার বলেন পদ্ধতিটি আবারো পর্যালোচনা করা দরকার। ডিআরএস-এর জন্য ব্যবহৃত টেকনোলোজি আরো উন্নত করা দরকার এবং টেকনোলোজি ব্যবহারে আরো মনোযোগী হওয়া দরকার বলেও মনে করছেন তিনি। বাসস।