খুলনায় প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৯:৪১

খুলনায় প্রতিপক্ষের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে হজি শহিদ (৩৮) নিহত হয়েছেন। তিনি নগরীর দৌলতপুর থানার পাবলা হজি বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে হজি শহিদ নগরীর রেলগেট এলাকা থেকে একটি প্রাইভেটকার করে দৌলতপুর হয়ে নিজ বাসা পাবলায় ফিরছিলেন। দৌলতপুর ইসলামী ব্যাংকের কাছে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি করতে থাকে। এ সময় প্রাইভেটকারের চালক তাকে গাড়ির ভেতর রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের পিছনের গ্লাস ভেঙ্গে খুব কাছ থেকে তার ঘাড়ে গুলি করে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে।
 
আরো জানা গেছে, স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানায়, গাড়ির ভেতরে একটি ও গাড়ির বাইরে চারটি গুলির খোসা উদ্ধার হয়েছে। পাইভেটকারে ১০টি গুলির চিহ্ন রয়েছে।