মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামে নিখোঁজের দুইদিন পর ৫ম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত. ইমন মোল্লা (১৩) ওই গ্রামের আমির মোল্লার ছেলে।
বৃহস্পতিবার গ্রামটির যতীন ভেন্ডারের বাগানবাড়ি ঘেঁষা ইছামতি নদীতে লাশটি ভেসে উঠে। সে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জামিল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর থেকেই সে নিখোঁজ হয়। দুইদিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বুধবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিহতের ভাই সুজন মোল্লার দাবি, প্রতিবেশী জামিল (২৫) কোন কারণে ইমনকে খুন করে থাকতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, এ ঘটনার পর থেকে জামিল ঘরে তালা ঝুলিয়ে সপরিবারে গা ঢাকা দিয়েছে।
সিরাজদিখান থানার এসআই আব্বাছ উদ্দিনের ধারণা, শ্বাসরোধ করে তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে পূর্ব-শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
