ভাঙ্গায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৫:০৪
উপজেলার পৌরসদরের কাপুরিয়া সদরদী গ্রামে বৃহস্পতিবার রাতে দেয়াল ধসে আবদুল্লাহ মুন্সি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের ইমদাদুল মুন্সির একমাত্র সন্তান।
 
জানা গেছে, রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামাল আতাউর রহমানের নির্মাণাধীন বহুতল ভবনের পাশের দেয়াল ঘেঁষে ট্রাকের বালু নামানোর সময় দেয়ালটি ধসে পড়ে। সে সময় শিশুটি তার মায়ের সঙ্গে বাবার দোকানে যাচ্ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করে।
 
সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়। 
 
এব্যাপারে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আইনানুগ সব ব্যবস্থা নেয়া হবে।