দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ইমরান খানের বিচ্ছেদ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৬:৩৫
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিবিদ ইমরান খান ও তার দ্বিতীয় স্ত্রী রিহাম খান পারস্পরিক সম্মতির ভিত্তিতে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২০১৫ সালের জানুয়ারিতে বিবিসির সাবেক প্রেজেন্টার রিহামকে বিয়ে করেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। 
 
 
৬৩ বছরের ইমরান পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান। আর ৪২ বছরের রিহামের পেশা ছিল সাংবাদিকতা। এটি ছিল রিহামের দ্বিতীয় বিয়ে। ইমরানেরও দ্বিতীয় বিয়ে ছিল এটি। রিহামের আগের বিয়েতে ছিল তিন সন্তান। ইমরান বিয়ে করেছিলেন ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে। ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত সংসার করেছেন তারা। এরপর তালাক হয়। ওই সংসারে ২ ছেলে ইমরান ও জেমিমার। জেমিমা এখন রাসেল ব্র্যান্ডের সাথে ডেট করেন। রিহাম ১৫ বছর সংসার করেছেন ইজাজ রহমানের সাথে। ২০০৫ সালে তাদের তালাক হয়।
 
 
ইমরান-রিহামের ডিভোর্সের খবর শুক্রবার তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইম-উল হক জানিয়েছেন একটি বিবৃতিতে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও রিহাম খান পারস্পরিক সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। এই যন্ত্রণাদায়ক ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে মিডিয়াকে কোনো অনুমানে ভর না করতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কিছু জানানো হবে না। গত সেপ্টেম্বর পাকিস্তান মিডিয়ায় খবর প্রকাশিত হয়,  যে ইমরান ও রিহামের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। ডন।