মন্ট্রিল ইম্পেক্টের নিজের ঝলক অব্যাহত রেখেছেন দিদিয়ের দ্রগবা। আরো একবার দ্রগবা নৈপূণ্যে টরেন্টো এফসিকে ৩-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্লে অফ ম্যাচের পথে আরো এক ধাপ এগিয়ে গেল মন্ট্রিল।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি থেকে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে তল্পিতল্পা গুটিয়ে গত জুলাইয়ে এমএলএস দল মন্ট্রিলে যোগ দেয়ার পর আইভরিকোস্টের আন্তর্জাতিক এ তারকা ১২ ম্যাচ থেকে এদিন ১২তম গোলটি আদায় করেন।
অল কানাডীয় ম্যাচে ৩৭ বছর বয়সি দ্রগবা স্বাগতিক দলের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করেন ৩৯তম মিনিট আগে। এর ফলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় মন্ট্রিলের। ফলে দ্বিতীয় বারের মতো প্লেয়ার অব দ্যা মানথ নির্বাচিত দ্রগবা অনন্য একটি সপ্তাহ পার করতে সক্ষম হন। যার আগমনে এবং গোল আদায়ের কারণে মন্ট্রিলের দিগন্তে উড়তে শুরু করেছে স্বপ্নের ফানুস।
দ্রগবা যখন মন্ট্রিলে আসেন তখন ক্লাবটি প্লে অফ ম্যচের লক্ষ্য নিয়ে রীতিমত সংগ্রাম করছিল। শেষ পর্যন্ত ক্লাবটির মেঘলা আকাশ সম্ভাবনার আলোতে ভরিয়ে দেন দ্রগবা। রবিবার টরন্টোর বিপক্ষে দুই গোল আদায় করেছিলেন চেলসির ওই সাবেক তারকা। এর ফলে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে তৃতীয় অবস্থান লাভ করে মন্ট্রিল। বৃহস্পতিবার টরন্টোকে আরেকবার ধরাশায়ী করতে এতটুকু কার্পন্যতা করেনি মন্ট্রিল।
ম্যাচের ১৮তম মিনিটেই লিড নিয়ে নেয় মন্ট্রিল। এ সময় একটি প্রতিআক্রমণ থেকে দারুনভাবে ফায়দা তুলে তারা। ইগনাসিও’র পঠানো বল দক্ষতার সঙ্গে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন প্যাট্রিক বার্নিয়ার (১-০)। ম্যাচের ৩৩তম মিনিটে মন্ট্রিলের ব্যবধান দ্বিগুণ করেন পিয়াত্তি। টরেন্টোর গোল পোস্টের ভেতর সৃষ্ট জটলা থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নীচু শটে গোল করেন তিনি (২-০)। ৬ মিনিট পর মন্ট্রিলের জয়কে নিরাপদ দূরত্বে পৌছে দেন দ্রগবা। ডান প্রান্ত দিয়ে বার্নিয়ারের ক্রসের বলকে দর্শনীয় ভাবে গোল বানিয়ে ফেলেন তিনি (৩-০)।
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের সেমি-ফইনালে খেলার যোগ্যতা অর্জন করল মন্ট্রিল। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বাস।
এদিকে ওয়েস্টার্ন কনফারেন্স অঞ্চলে টাইব্রেকারে স্পোর্টিং কানসাস সিটিকে ৭-৬ গোলে হারিয়েছে পোর্টল্যান্ড টিম্বার্স। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ম্যাচে তিনটি গোল ঠেকিয়ে দিয়ে হিরো বনে গেছেন পোর্টল্যান্ডের গোল রক্ষক এ্যাডাম কেওয়ারসি।
খবর বাসসের।
