ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বিয়েতে সাংবাদিকদের অপদস্থ করা চার দেহরক্ষীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারের এই হাই প্রোফাইল বিয়ে কাভার করতে আসা সাংবাদিকদের লাঞ্ছিত করে তারা।
ঘটনার পরেই হরভজন বাড়ি থেকে বের হয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চান এবং তাদের অনুরোধ করেন বিষয়টা এখানেই শেষ করে ফেলতে। কিন্তু পাঞ্জাবের জলন্ধর শহরে বিয়ের অনুষ্ঠানস্থলের পাশে গণমাধ্যমকর্মীরা ওই চার দেহরক্ষীকে গ্রেফতার করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি যে, ল বিয়ের ছবি ও ভিডিও ধারণ করার সময়ে দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে বের করে দেন। তাদের ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্র কেড়ে নেওয়া হয়। পাঞ্জাব পুলিশের একজন কর্মকর্তা আইএএনএসকে আজ ওই চারজনকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেন।
এদিকে গ্রেফতার হওয়া চার দেহরক্ষীর একজন জানিয়েছেন, যে হরভজনই গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানস্থলে যাতে ঢুকতে না পারে সে নির্দেশ দিয়েছিলেন। কারণ অনুষ্ঠানে অনেক সেলিব্রেটি ও ভিআইপি অতিথি থাকবেন। হরভজন গতকাল বৃহস্পতিবার তার দীর্ঘদিনের প্রেমিকা গীতা বাসরাকে বিয়ে করেন। অনুষ্ঠানে উপস্থিত তারকাও ভিআইপিদের মধ্যে ছিলেন শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা আম্বানি। দিল্লিতে একটি নভেম্বরের এক তারিখ হরভজনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এনডিটিভি।
