অ্যামনেস্টি মানবতাবিরোধী সংগঠন: ইমরান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ২০:২০
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের পক্ষ নেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিচারের কথা বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবতাবিরোধী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, ‘অ্যামনেস্টি এখন আর কোনো মানবাধিকার সংগঠন নয়, তারা মানবতাবিরোধী সংগঠন, একটি জঙ্গিবাদী সংগঠন।’
 
শুক্রবার বিকালে শাহবাগে মঞ্চের এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় বোমা মেরে নারী-শিশুসহ মানুষদের হত্যা করে তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার উদয় হয় না।’
 
ইমরান বলেন, ‘এখন তারা মার্কিনীদের দোসর পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীদের মুক্তির দাবি করছে। এবং মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করে বিবৃতি দিয়েছে। তাদের এই বিবৃতি প্রমাণ করে, অ্যামনেস্টি এখন আর কোনো মানবাধিকার সংগঠন নয়।’
 
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানির আগে ২৭ অক্টোবর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।’
 

অ্যামনেস্টির এই বিবৃতির প্রতিবাদে বিকালে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুরু থেকেই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে আসছে অভিযোগ করে ইমরান বলেন, ‘যখন কোনো যুদ্ধাপরাধীর রায় কার্যকরের সময় আসে তখন তারা বেশ সক্রিয় হয়ে যায়, সোচ্চার হয়ে উঠে। এতদিন তারা বলবার চেষ্টা করেছে তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তাই বিচার বন্ধ চায়।’