হাজীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১১:৩৩
চাঁদপুরের হাজীগঞ্জ ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের নৈরাইন গ্রামে বিষপানে মাকছুদা বেগম (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নৈরাইন মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মিজি বাড়ির মৃত হারুনের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাকছুদা বেগম তার স্বামী মারা যাওয়ার পর থেকে ১ ছেলে ১ মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন। এদিকে দীর্ঘদিন যাবৎ স্থানীয় ঢালী বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে শাহাদাত গৃহবধূ মাকছুদাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে মাকছুদা গত ৬ মাস আগে স্থানীয়দের কাছে শাহাদাতের নামে নালিশ করলে এক সালিসে শাহাদাতকে জুতা পেটা করা হয়। সে থেকে শাহাদাত প্রায়ই গৃহবধূ মাকছুদার নামে বিভিন্ন অপপ্রচার চালান।
 
স্থানীয়রা আরও জানায়, গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহাদাত, তার বড় ভাই হাছান ও তার ভাবী কুলছুমার মেয়ে জান্নাতসহ মাকছুদাকে অকথ্য ভাষায় গালাগালি করলে তা সহ্য করতে না পেরে রাতে মাকসুদা বিষপান করেন। বিষক্রিয়ায় মাকছুদাকে ছটপট করতে দেখে বাড়ির লোকজন হাসপাতালে নেয়ার আগে পার্শ্ববর্তী বাড়ির মাহফুজ একটি সাদা কাগজে মাকছুদার টিপসই নেন। পরে হাসপাতালে নেয়ার পথে বাকিলায় মাকছুদা মারা যান। হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লাশ থানায় নেন।
 
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অভিযোগটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।