ফাঁস হওয়া প্রশ্নপত্র পেতে এর সঙ্গে জড়িত চক্রের সদস্যকে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মূল সনদ জমা দিতে হয়। এছাড়া প্রশ্নের জন্য ৫ লাখ টাকা চুক্তিও হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
প্রশ্নপত্র ফাঁস হওয়া চক্রের সদস্যদের আটকের পর শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম একথা জানান।
এরআগে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত রাজধানীর তেজগাঁও এবং ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের ১৭ সদস্যকে আটক করে ডিবি উত্তর বিভাগ।
এ সময় তাদের হেফাজত থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, মোবাইল ফোন, হোয়াটস অ্যাপে প্রেরণ করা ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, ফেসবুকে যোগাযোগ এবং অ্যাড দেয়ার কথাবার্তার ডাউনলোডকৃত কপি উদ্ধার করা হয়।
