রাজাপুরে ইয়াবাসহ আটক ২

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:৪৭
ঝালকাঠির রাজাপুর বাইপাসমোড় এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে ইয়াবা ব্যাবসায়ী খায়রুল মীর (৩৩) ও তার সহযোগী শামিম হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানার পুলিশ বাইপাশ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় খায়রুল ও তার সহযোগী শামিমকে আটক করে। এ সময় মাদক ব্যাবসায়ী খাইরুল প্যাকেট ভর্তি ইয়াবা পানিতে ফেলে দেয়। পরে পুলিশ পানি থেকে শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 
 
রাজাপুর থানার উপ-পরিদর্শক বিপ্লব বলেন, ‘পানিতে ফেলে দেয়ার কারণে কিছু ইয়াবা নষ্ট হয়ে যায়। তবে আমরা ৮০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’