মেসিকে নিয়ে ঝুঁকি নেবেন না এনরিকে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:৪৭
চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২১ নভেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এই ম্যাচের আগে ইনজুরিতে মাঠের বাইরে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননা বার্সা কোচ লুইস এনরিকে। 
 
হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় প্রায় এক মাস মাঠের বাইরে রয়েছেন মেসি। সম্ভাব্য সময় হিসেবে ছয় থেকে আট সপ্তাহের বিশ্রামের ধারণা দিয়েছিলেন চিকিৎসকরা। মেসি নিজেও অবশ্য দাবী করেছিলেন শতভাগ ফিট না হয়ে তিনি মাঠে ফিরবেন না। সে কারণেই বার্নাব্যু সফরে তার উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই কারণে আগামী ১৩ ও ১৭ নভেম্বর ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের দলেও তাকে বিবেচনা করেননি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো।  এনরিকে বলেছেন এল ক্ল্যাসিকোর পরে যেহেতু মৌসুমের আরো দুই তৃতীয়াংশ ম্যাচ বাকি থাকবে সে কারণেই মেসিকে নিয়ে কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। এতে করে তার ইনজুরি আরো গুরুতর হয়ে উঠতে পারে। 
 
IMG0
 
এল ক্ল্যাসিকোর আগে শুধুমাত্র মেসির ইনজুরি নিয়েই পুরো দল চিন্তিত বলে এনরিকে স্বীকার করেছেন। তবে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জি রবার্তো ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় এনরিকে কিছুটা স্বস্তিতে রয়েছেন। রোববার গেটাফের বিপক্ষে এই দুজনই মাঠে নামছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ২-১ গোলে জয়ী ম্যাচটিতে ইনিয়েস্তা হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রায় এক মাস যাবত মাঠের বাইরে ছিলেন। অন্যদিকে কুঁচকির ইনজুরি কাটিয়ে দশ দিন পরে দলে ফিরেছেন রবার্তো। এই দুজনের আগমনে বার্সা বস মধ্যমাঠ নিয়ে স্বস্তিতে থাকতেই পারেন। বিশেষ করে দীর্ঘদিনের হাঁটুর ইনজুরির কারনে রাফিনহা ও দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারনে হাভিয়ার মাশচেরানোর সার্ভিস পাওয়া যাচ্ছে না বলেই দারুন দুশ্চিন্তায় ছিলেন এনরিকে। বাসস।