সিরাজদিখানে ইমন হত্যা: প্রতিবাদ-বিচারের দাবিতে সহপাঠীদের সমাবেশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৭:৪৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সহপাঠী ইমন মোল্লা (১৩) হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে রাজনগর ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। কর্মসূচিতে শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ গ্রহণ করেছে।
 
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজানগর বাজার সংলগ্ন রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন হয়। পরে একটি বিশাল র‌্যালি রাজানগর দৈয়দপুর উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে রাজানগর বাজার ও নয়ানগর গ্রামের ইমনদের বাড়ি প্রদক্ষিণ শেষে আবার রাজানগর বাজারে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এতে বক্তব্য রাখেন রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউটি আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবির, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, রাজানগর সৈয়দুর উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ চৌধুরী, রাজানগর বাজার কমিটির সভাপতি সরোয়ার লস্কর, চঞ্চল চৌধুরী ও মনির লস্কর প্রমুখ।
 
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জামিল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর থেকেই সে নিখোঁজ হয়। দুইদিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বুধবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার গ্রামটির যতীন ভেন্ডারের বাগানবাড়ি ঘেঁষা ইছামতি নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।