কৌতিনিয়োর জোড়া গোলে চেলসিকে হারালো লিভারপুল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ২১:৪২
 
ইংলিশ জায়ান্ট চেলসিকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলে দারুণ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
 
মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খেয়ে প্রচণ্ড চাপের মুখে থাকা চেলসি ঘরের মাঠে এ দিন শুরুটা করে দুর্দান্ত। চতুর্থ মিনিটে পাওয়া প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন রামিরেস। গোলটিতে দারুণ অবদান ছিল সিজার আসপিলিকুয়েতার। বল পায়ে বাঁ দিক দিয়ে ঢুকে চমত্কার ক্রস দেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তা থেকেই হেড করে বল জালে জড়ান রামিরেস। প্রথমার্ধের যোগ করা সময়ে কৌতিনিয়োর গোলে সমতায় ফেরে লিভারপুল। বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে স্বদেশি রবের্তো ফিরমিনোর পাস পেয়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিলের মিডফিল্ডার কৌতিনিয়ো।
 
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। ৫৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা, কিন্তু কৌতিনিয়োর পাস পেয়ে ফিরমিনোর জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭১তম মিনিটে স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা দারুণ এক গোলের সাক্ষী হতে পারতো। মাঝ মাঠের একটু সামনে দাঁড়ানো অস্কার লিভারপুল গোলরক্ষককে কিছুটা এগিয়ে থাকতে দেখে বল উঠিয়ে মারেন। খানিকটা পিছিয়ে এসে সেটা কোনোমতে কর্নারের মাধ্যমে ঠেকান গোলরক্ষক সিমোন মিগনোলেত। দুই মিনিট পরেই ব্যবধান ২-১ করেন ম্যাচের পুরোটা সময় জুড়ে অসাধারণ খেলা কৌতিনিয়ো। ক্রিস্তিয়ান বেনতেকের হেড থেকে বল পেয়ে এক জনের বাধা এড়িয়ে ডান পায়ের জোরালো শট নেন তিনি। বল সামনে থাকা জন টেরির গায়ে লেগে সামান্য দিক পাল্টে জালে জড়ায়।
 
সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু ৮৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়টা নিশ্চিত করে ফেলেন বেনতেকে। ইংলিশ মিডফিল্ডার গর্ডন ইবের পাস ডি বক্সের পেয়ে নিচু শটে গোলটি করেন বদলি নামা কঙ্গোর এই স্ট্রাইকার।
 
এই জয়ে লিভারপুলের পয়েন্ট হলো ১৭। স্ট্যামফোর্ড ব্রিজে ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়ে যাওয়া হোসে মরিনিয়োর চেলসির পয়েন্ট ১১।