নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
জানা গেছে, শনিবার রাতে বন্দর উপজেলার জামাইপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা দখলমুক্ত করতে গেলে সন্ত্রাসীরা এ হামলা চালায়। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে।
আহত কাউন্সিলর সুলতান আহমেদের ভাগিনা পনির জানান, বন্দর গার্লস স্কুল থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ তদারকি করছিলেন কাউন্সিলর সুলতান। রাস্তাটির এক অংশে দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে জায়গা দখল করে রেখেছে জাতীয় পার্টির কর্মী পরিচয় দানকারী হাবিবুর রহমান হবি ও তার মেয়ে জামাই আলামিন। হবি বন্দর খেয়াঘাট এলাকায় বিপুল পরিমাণ নদীর জমি দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকাবাসীর সঙ্গে আলোচনার পর জমির মালিক আলামিন জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের পর শনিবার রাস্তা প্রশস্ত করার কাজ ধরে সিটি কর্পোরেশন। কিন্তু বিকেলে হাবিবুর রহমান হবি এসে কাজে বাধা দেয় ও কাউন্সিলর সুলতানকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাক্বিতণ্ডার এক পর্যায়ে হবির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলর সুলতানের উপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।
