পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ এখনই কমানো ঠিক হবে না : বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ০০:৪৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখনই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কমানো ঠিক হবে না। বাজারের স্বার্থে এ ক্ষেত্রে আরও কিছুদিন সময় দেয়া প্রয়োজন। অন্যথায় এ খাতটি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এবং এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, সাবেক সভাপতি কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০১০ সালে হঠাত্ করে ব্যাংকগুলোর বিনিয়োগ কমানোর ফলে বাজারে বড় ধরনের পতন নেমে আসে। এতে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। এখন ব্যাংকের বিনিয়োগ আবারও কমিয়ে আনার কথা বলা হচ্ছে। কিন্তু এখনই তা করা ঠিক হবে না। ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের দুই ধাপ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যেখানে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে এবং প্রবৃদ্ধি বাড়ছে সেখানে দুই ধাপ পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। প্রকৃত অর্থে কিছু কিছু প্রতিষ্ঠান ও দেশ বাংলাদেশের উন্নতিকে সহ্য করতে পারে না। এতে তাদের গাত্রদাহ হয়।
 

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০০ কোটি টাকায়। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে এ বিনিয়োগ ১৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে হবে। এতে প্রতি মাসে ব্যাংকগুলোকে প্রায় ৭২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে। যা বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।