নাটোরে দুর্গা প্রতিমা ভাঙচুরে অভিযুক্ত বিকাশ আটক

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ০২:০০

নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের কাচারীপাড়া কালি মন্দিরে পাহারারত আনসার সদস্যকে মারপিট করে দুর্গা পূজার দশমীর রাতে মন্দিরের দুর্গাসহ ছয়টি প্রতিমা ভাঙচুরের মূল হোতা বিকাশ চন্দ্র কর্মকারকে গতকাল শনিবার দুপুরে নাটোর শহর থেকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় পাহারারত আনসার সদস্যের আদালতে দেয়া স্বীকারোক্তির পর তাকে আটক করা হয়।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গা পূজার দশমীর রাত সাড়ে তিনটার দিকে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সকাল থেকে হাজার হাজার হিন্দু নারী-পুরুষ-শিশু লাঠি হাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। পরে উপজেলার শাহপুর এলাকার খিজির শাহ ও তার ছেলে জাহিদুল ইসলাম এবং উমর খন্দকার নামে তিনজনকে আটক করা হলে এলাকাবাসী শান্ত হয়। একই দিন সেখান থেকে কর্তব্যরত আনসার সদস্য এপিসি রজিব ও বজলুকে আটক করে পুলিশ।
 

আদালত সূত্র জানায়, আনসার সদস্য এপিসি রজিব আলী নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার বিকালে দেয়া জবানবন্দিতে বিকাশ চন্দ্র কর্মকার মাতাল অবস্থায় এই ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেন। গোয়েন্দা পুলিশ মোবাইল ট্র্যাকিং করে জানতে পারে ঘটনার রাত তিনটা থেকে ভোর পর্যন্ত বিকাশের মোবাইল মন্দির এলাকায় ছিল আর এর পরের দুই দিন বিকাশ তার ফোন বন্ধ রাখেন। আদালতে রজিব আলীর দেয়া জবানবন্দির পর গতকাল নাটোরের পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের একটি বাসা থেকে বিকাশকে আটক করে। তিনি পুলিশের কাছে দায় স্বীকার করেছেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।