ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং তোপে শারজাহ টেস্টের প্রথম দিনই ২৩৪ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন ৪ উইকেট শিকার করেন। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৪ রান তুলেছে ইংল্যান্ড। এখনো ২৩০ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
শারজাহ-এ টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলেই ওপেনার আজহার আলীকে শূন্য হাতে ফিরিয়ে দেন ইংল্যান্ড পেসার অ্যান্ডারসন। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। দু’জনে জুটিতে যোগ করেন ৪৯ রান। তবে দলীয় রান একশ’ ছাড়িয়ে যাবার আগেই প্যাভিলিয়নে জায়গা করে নেন হাফিজ ও মালিক। হাফিজ ২৭ ও মালিক ৩৮ রান করে ফিরেন। ফলে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান। পাকিস্তানের সেই চাপকে আরো বড় করে দেন ইংল্যান্ডের এন্ডারসন। চার নম্বরে নামা অভিজ্ঞ ইউনুস খানকে ব্যক্তিগত ৩১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অ্যান্ডারসন। ইউনুসের বিদায়ের কিছুক্ষণ পর বিদায় নেন ছয় নম্বরে নামা আসাদ শফিকও। তাতে পাকিস্তানের সামনে চাপটা পাহাড় সমান হয়ে দাঁড়ায়। কারণ, ৫ উইকেটে ১১৬ রানে পরিণত হয় পাকিস্তান।
IMG0
কিন্তু ষষ্ঠ উইকেটে জুটি বেধে দলকে চাপ মুক্ত করেন অধিনায়ক মিসবাহ উল হক ও উইকেট রক্ষক সরফরাজ আহমেদ। ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টির চেষ্টাও করেন তারা। কিন্তু সরফরাজকে ব্যক্তিগত ৩৯ রানে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে প্রয়োজনীয় ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার মঈন আলী। ফলে ৮০ রানেই থেমে যায় মিসবাহ-সরফরাজ জুটি। সরফরাজকে হারিয়ে ৬ উইকেটে ১৯৬ রানে পরিণত হওয়া পাকিস্তানের প্রথম ইনিংস দ্রুতই গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে। কিন্তু সেটি যেন না হয়, সে জন্য এক প্রান্ত আগলে রাখেন মিসবাহ। কিন্তু মিসবাহ’র সেই লড়াই বেশি দূর যেতে দেননি অ্যান্ডারসন। দলীয় ২২৪ রানে মিসবাহ’কে নিজের তৃতীয় শিকার বানান অ্যান্ডারসন। টেস্ট ক্যারিয়ারের ৩২তম হাফ-সেঞ্চুরি তুলে ৭১ রানে থামেন মিসবাহ।
IMG1
এরপর শেষ ব্যাটসম্যান রাহাত আলীর উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২৩৪ রানেই থামিয়ে দেন অ্যান্ডারসন। ফলে ইনিংসে তার বোলিং ফিগার দাঁড়ায় ১৭ রানে ৪ উইকেট। এ ছাড়া স্টুয়ার্ট ব্রড, সামিত প্যাটেল ও মঈন আলী ২টি করে উইকেট নেন। ৮৫ দশমিক ১ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যাওয়ায় দিনের শেষ ভাগে মাত্র ২ ওভার ব্যাটিং করে ইংল্যান্ড। ওই দুই ওভারে কোন অঘটন ঘটতে দেননি দুই ওপেনার অধিনায়ক এ্যালিস্টার কুক ও মঈন আলী। ফলে বিনা উইকেটে ৪ রান তুলে দিন শেষ করতে পারে ইংলিশরা। মঈন ৪ রানে ও কুক শূন্য রানে অপরাজিত আছেন। বাসস।
