খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে পদ বঞ্চিত নেতা-কর্মীরা। তারা রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে চরম দুর্ভোগে পড়ে ঢাকাগামী বাস যাত্রীরা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএল কলেজ ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা জানান, তাদের মতামতকে উপেক্ষা করে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল মহানগর কার্যালয়ে বসে সরকারি বিএল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। এ কমিটিতে রাকিব মোড়লকে সভাপতি, নিশাত ফেরদাউস অনিকে সাধারণ সম্পাদক ও মো. মহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এ কমিটি ঘোষণার পর পদ বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা দৌলতপুর বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে ভাংচুর শুরু করে। তারা বেশ কয়েকটি ইজিবাইক, মাহিন্দ্র ও সড়কের দুপাশের দোকান ভাংচুর করে।
আতংক দ্রুত ছড়িয়ে পড়লে ওই এলাকার সকল দোকানপাট কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় খুলনা-যশোর মহাসড়কে সকল ধরনের যান চলাচলও।
এ সময় বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে দৌলতপুর এলাকায়।
নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
