নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা আবু তাহের তালুকদারকে রবিবার দিবাগত রাতে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সেই সঙ্গে আরও ৪ বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ ব্যাপারী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, বিষকাকুনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ও আত্কাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন।
পূর্বধলা থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আলম তালুকদার জানান, রবিবার দিবাগত রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে আলাপকালে পূর্বধলা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দলীয় কার্যালয়ে গোপন বৈঠক করছে এ এমন সংবাদে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার কলমাকান্দা বিএনপির দুই নেতাকেও গ্রেফতার করা হয়।
