গাজীপুরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১১:৩১
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কুমার খাদা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' রফিকুল ইসলাম নামের এক যুবক মারা গেছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে র‌্যাব।
 
র‌্যাব জানায়, ভাওয়াল জাতীয় উদ্যোনে কাছে কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল রাত ১টার দিকে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নামের ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।
 
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, 'নিহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের বামপাশে গুলির আঘাত রয়েছে।'