দুবাই প্রবাসী অপহরণের প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৪:৩৯
পাবনার সাঁথিয়া থেকে দুবাই প্রবাসী আনিছুর রহমান সোহাগ (৩২) অপহরণ মামলার প্রধান আসামি ইমন হোসেনকে এক সপ্তাহ পর ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে আতাইকুলা থানার ওসি নুরে-ই আলম সিদ্দিকী ঢাকার উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সোমবার দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। 
 
থানা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় আনিছুর রহমান সোহাগ পাবনা শহরের ইমন নামের এক বন্ধুর ফোন পেয়ে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর বাজার যান। এরপর থেকেই দীর্ঘ এক সপ্তাহ তিনি নিখোঁজ। নিখোঁজের পর থেকে ইমনের সঙ্গে ফোনে অপহৃতের বাবা আবু সাইদ যোগাযোগ করলে তিনি জানান, কে বা কাহারা সোহাগকে তার সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর থেকেই ইমনের ফোন বন্ধ পাওয়া যায়। তার বাসায় ও দোকানে পুলিশ বার বার হানা দিলেও তা বন্ধ (তালা বদ্ধ) পাওয়া যায়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে আতাইকুলা থানার ওসি নুরে-ই আলম সিদ্দিকী ঢাকার উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে ইমনকে আটক করে। তিনি পাবনা শহরের শালগাড়ীয়ার মৃত বেলাল হোসেনের ছেলে। 
 
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে-ই আলম সিদ্দিকী জানান, অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে দিয়ে অপহৃত সোহাগকে উদ্ধারে চেষ্টা চলছে।