খুলনায় প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে ধর্মঘট পালন

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৭:২৮
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম ও শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আমেদুর রশীদ টুটুল এবং লেখক রণদীপম বসুর উপর হামলার প্রতিবাদে খুলনায় অর্ধদিবস ধর্মঘট পালিত হয়েছে।
 
সোমবার সকাল ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহানগরীর সকল পুস্তক ও প্রকাশনী সংস্থা বন্ধ রেখে এ ধর্মঘট কর্মসূচি পালন করে খুলনা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতি।
 
দুপুর ১২টার পর মৌনমিছিল করে এসব ঘটনার হামলারকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।
 
এ সময় নেতারা বলেন, একের পর এক মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা এবং হামলার ঘটনায় সবাই আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন। খুলনার প্রকাশক ও পুস্তক বিক্রেতারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
 
এ সময় জেলা বিভাগীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যুগ্ম সম্পাদক রতন কুমার দেবনাথ, জেলা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবুল এবং সহ-সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।