জামালপুরে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করে প্রায় ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটকরা হলেন, শেরপুর সদর উপজেলার দিকপাড়ার রুবেল (২৫) একই উপজেলার মরাকান্দি খাসপাড়ার আনছার আলী (৩৮) এবং ঝিনাইগাতী উপজেলার আলসি ভাটিপাড়ার মোতালেব হোসেন (৩৫)।
সোমবার পুলিশ সুপার নিজাম উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, রবিবার দিনগত রাতে জেলার মাদারগঞ্জ উপজেলার মিলন বাজারে ১৪/১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাতদল বাজারের নৈশ প্রহরী সোলায়মানকে মারপিট করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে তারা বাজারের শাহিন মিয়ার কাপড়ের দোকান থেকে প্রায় নয় লাখ টাকার শাড়ি-লুঙ্গি-কাপড়, লিটন মিয়ার মুদি দোকান থেকে প্রায় এক লাখ টাকার কসমেটিক ও আবু বক্করের টেলিকম দোকান থেকে নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার ইলেক্ট্রনিক্সের মালামাল লুট করে নেয়। এ সময় লুটের প্রায় ১১ লাখ টাকার মালামাল ট্রাকে ভর্তি করে চম্পট দেয় ডাকাতদল। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ডাকচিৎকার শুরু করে।
এক পর্যায়ে এলাকাবাসী জামালপুরের পুলিশ সুপার ও সদর থানার ওসিকে বিষয়টি জানায়। তাৎক্ষণিক জেলা সদর থানার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালানো শুরু করে পুলিশ। ডাকাতদল জামালপুর-শেরপুর ব্রিজের উপর ট্রাকটি দাঁড় করিয়ে পালাতে শুরু করে। এ সময় পুলিশ ট্রাকটি জব্দ করে এর চালকসহ তিনজনকে ধাওয়া করে আটক করে।
