ফুল চুরির অভিযোগে শিশু নির্যাতন, গ্রেফতার ১

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৯:২৯
খুলনায় ফুল চুরির অভিযোগে রবিউল ইসলাম রাঙ্গা (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।
 
সোমবার সকালে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। আহত রবিউল নগরীর দাওয়াতুল খায়ের কমপ্লেক্স কুয়েত মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান,  রবিবার রাতে ফুল চুরির অভিযোগে নগরীর ইসলাম নগরের নাজিম উদ্দিনের স্ত্রী গোলেনুর খাতুন একই এলাকার শিশু রবিউল ইসলাম রাঙাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে নাজিম উদ্দিন, তার স্ত্রী গোলেনুরসহ কয়েকজন মিলে রবিউলকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে। পরে তারা ওই শিশুর মাথা ন্যাড়া করে দেয়।
 
সোমবার রবিউলের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় দুপুরে শিশু রবিউলের মা ফরিদা বেগম বাদী হয়ে নাজিম উদ্দিন, তার স্ত্রী গোলেনুর খাতুন ও তার ছেলেকে আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ গোলেনুর খাতুনকে গ্রেফতার করে।
 
এদিকে অভিযুক্ত নাজিম উদ্দিন বলেন, ‘‘তাকে হয়রানি করতে একটি চক্র শিশুটিকে দিয়ে নাটক সাজিয়েছে। এটি পরিকল্পিত, তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে।’’