মুন্সীগঞ্জ জেলায় ৬৯টি ভ্রাম্যমাণ লাইব্রেরি হচ্ছে। জেলার ৬৭টি ইউনিয়নে এবং দুটি পৌরসভার প্রতিটিতে ভ্রাম্যমাণ লাইব্রেরি পাঠপিপাসুদের সেবা দিয়ে যাবে।
এ মাসে লাইব্রেরিগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। মোট ছয়টি উপজেলা এবং দুটি পৌরসভার মধ্যে সাতটি রংয়ের এ লাইব্রেরিগুলো একযোগে উদ্বোধন হবে। তিন চাকাবিশিষ্ট ভ্যানের ভ্রাম্যমাণ লাইব্রেরির চালকই লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করবে।
সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল তার সভাকক্ষে জেলার সকল ইউএনও, ইউপি চেয়ারম্যান এবং সচিবদের সঙ্গে মতবিনিময়ের পর এ সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও এডিসি মো. ফজলে আজিমের সভাপতিত্বে এ সভায় আরো অংশ নেন এডিসি হারুনুর রশিদ, অধ্যাপক সুখেন চন্দ্র দাস এবং প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। সভায় ইউনিয়ন পর্যায়ে নানা সম্ভাবনা ও সমস্যা নিয়েও আলোচনা হয়।
