শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ‘স্লো ওভার রেট’ এর কারণে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করায় তাকে এই শাস্তি পেতে হচ্ছে।
এছাড়াও হোল্ডারকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে।
গত রবিবার কলম্বোতে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতেও ওভার-রেটের নিয়ম ভঙ্গ করেছিল হোল্ডারের দল। ১২ মাসের মধ্যে একই অপরাধ করায় ম্যাচ রেফারি ডেভিড বুন তাই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করেন।
আগামী বুধবার শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না হোল্ডার।
