মিশরের সিনায়ে রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বাইরের কোন কিছুর আঘাতে বিধ্বস্ত হয়নি বলে তদন্তকারী দলের একটি সূত্র জানিয়েছে। বিমানটির ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি এক অর্থে নাকচ করে দেয়া হল। তবে ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেনি তদন্তকারীরা।
গত শনিবার মিশরের শারম আল শেখ থেকে সেন্ট পিটার্সবার্গগামী এয়ারবাস-৩২১ বিমান উড্ডয়নের ২০ মিনিট পরই সিনাইয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২২৪ জন আরোহীর সকলেই নিহত হন। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী উইলায়াত সিনাই। তবে তাদের এই দাবি অস্বীকার করে আসছে রাশিয়া ও মিশর সরকার। দেশদুটির দাবি, জঙ্গিদের হাতে যে অস্ত্র রয়েছে তা দিয়ে সর্বোচ্চ ১৫ হাজার ফুট উচ্চতার লক্ষে আঘাত করা সম্ভব যা ওই বিমানটির যাত্রাপথের উচ্চতার অর্ধেক।
অপরদিকে গত সোমবার বিমানটির পরিচালনাকারী সংস্থা মেট্রোজেট জানিয়েছিল, বাইরের কোন কিছুর আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তাদের বিশ্বাস। সে কারণেই বিমান বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পাইলট। তারা আরো দাবি করে, এরকম কোন কিছুর সঙ্গে সংঘর্ষ ছাড়া মাঝ আকাশে বিমানটি দ্বিখণ্ডিত হওয়ার কোন কারণ ছিল না। এছাড়াও বিমানের যান্ত্রিক কোন ত্রুটি ও পাইলটদের অসতর্কতার সম্ভাবনাও নাকচ করে দিয়েছিল মেট্রোজেট। সূত্র: ইনডিপেন্ডেন্ট
