কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এক শিল্পীর মায়ের করা মামলায় সোমবার আট আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার শামুকসার গ্রামের ফুলমিয়ার ছেলে স্বপন, সদর দক্ষিণ উপজেলার বাগমারা গ্রামের বাহার মিয়ার ছেলে হাবিব (২৩) ও ঠাকুরগাঁও জেলার রানী শংখল উপজেলার বেদাইন গ্রামের হাকিম (২৫)। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ সাহা জানান, শনিবার উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে যাবার পথে সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া গ্রামে ওই দুই নৃত্যশিল্পীর পথরোধ করে হাবিব নামে ওই এলাকার এক যুবক। এ সময় তিনি উপজেলার শামুকসার গ্রামের স্বপনের বাড়িতে অপর একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে দুজনকে শামুকসার গ্রামে নিয়ে যায়। পরে ওই গ্রামের মিজান মজুমদারের নবনির্মিত একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ওই দুই শিল্পীকে গণধর্ষণ করা হয়।
