উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ম্যানচেস্টারের দুই ক্লাবের জয়

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৫:৩৬
চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব। ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ দল সেভিয়াকে। আর সিএসকেএ মস্কোকে ওয়েইন রুনির একমাত্র গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
 
সেভিয়ার মাঠে ১১ মিনিটের মধ্যেই ২-০ গোলের লিড নেয় ম্যানচেস্টার সিটি। ৬ মিনিটে রহিম স্টার্লিং ও ১১ মিনিটে ফার্নানদিনহো গোল করেন। ম্যাচের ২৫ মিনিটে সেভিয়ার বোনোইট গোল করে ব্যবধান কমান। কিন্তু ৩৬ মিনিটে উইলফ্রেড বনি গোল করে ব্যবধান ৩-১ করেন। এরপর প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের পুরো সময় কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। এই জয়ে ডি গ্রুপ থেকে চার ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করলো তারা। কারণ ইউরোপা লিগ জিতে স্পেন থেকে পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া সেভিয়া দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে।  পরের সবগুলো ম্যাচ জিতলেও ম্যানসিটির সঙ্গে দুটি ম্যাচেই হারায় তাদের আর পেছনে ফেলতে পারবে না। 
 
IMG0
 
এদিকে ঘরের মাঠে সিএসকেএ মস্কোর বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায় না রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৯ মিনিটে ওয়েইন রুনি গোলের দেখা পান। শেষ পর্যন্ত তার গোলটিই লুইস ফন গালের মুখে চড়া হাসি ফোটায়। এই জয়ে চার ম্যাচ থেকে সাত পয়েন্ট অর্জন করে নিজেদের গ্রুপে শীর্ষেই আছে ম্যানইউ। 
 
IMG1
 
গত আসরের রানার আপ জুভেন্টাস বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। হার্নানেস লাল কার্ড দেখার পরে জার্মান দলটির বিপক্ষে মাত্র ১ পয়েন্ট নিয়ে ফিরে দলটি। জিততে পারলে গতকাল রাতেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত ইতালির তুরিনের ক্লাবটির। কাজাখিস্তানের দল আস্তানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। দিনের অন্যান্য ম্যাচের ফলাফলগুলো হচ্ছে পিএসভি ২-০ ভলফসবুর্গ, শাখতার দোনেৎস্ক ৪-০ মালমো, বেনফিকা ২-১ গালাতাসারে। গোল ডটকম।