মারিজুয়ানা বৈধ করার বিপক্ষে ওহাইও

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৭:৩৯
 
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ভোটাররা মারিজুয়ানা বৈধ করার বিরুদ্ধে মত দিয়েছে। মারিজুয়ানা বৈধ করতে হলে ওহাইও’র সংবিধান পরিবর্তন করতে হতো। কিন্তু সেখানকার মানুষ মারিজুয়ানার বিরুদ্ধে মত দেয়ার কারণে তা আর প্রয়োজন হবে না।
 
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মারিজুয়ানার পক্ষের লোকেরা প্রচারণার জন্য প্রায় ১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করে। মারিজুয়ানার পক্ষে বেশি ভোট পড়লে ওহাইও’র ১০টি স্থানে তা চাষ হতো। ২১ বছরের অধিক বয়সের মানুষ ব্যক্তিগত ও চিকিত্সার প্রয়োজনে মারিজুয়ানা সেবনের অনুমতি পেত। বাড়িতে ৪টি গাছ রাখারও অনুমোদন দেয়া হতো।
 
ওহাইও অঙ্গরাজ্যের শিশু হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কৃষকরা মারিজুয়ানার তীব্র বিরোধীতা করেছে। কলোরাডো, ওয়াশিংটন, ওরিগন এবং আলাস্কায় বিনোদনের জন্য মারিজুয়ানা সেবনের অনুমতি দেয়া  হয়েছে। যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে চিকিত্সার জন্য মারিজুয়ানা ব্যবহারের অনুমতি রয়েছে।  সূত্র: বিবিসি