রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৮:১০
 
জেলার গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বুধবার (০৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের মহিশালবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহিশালবাড়ী গ্রামের নিজাম হোসেনের ছেলে দুলাল হোসেন (১৮) ও মুজিবুর শেখের ছেলে ডলার শেখ (২৮)।
 
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মোটরসাইকেল চালক দুলাল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে ডলারের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি (যশোর মেট্রো-ট-১১-০৮৭৪) আটক করেছে। তবে চালক ও সহযোগী পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালি ট্রাকটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ে দুই আরোহী মহিষালবাড়ীর দিকে আসছিলেন। এসময় বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেল চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।