ভারতে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, ২০০৫ সালের আগে পিতৃবিয়োগ হলে সম্পত্তি পাবে না মেয়ে সন্তানেরা। এই রায় অনুযায়ী ওই সময়ের আগে যদি বাবার মৃত্যু হয় তাহলে সম্পত্তিতে আইনগত অধিকার থাকবে শুধু পুত্র সন্তানের।
২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাবার সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকার সংক্রান্ত ঐতিহাসিক রায় দেয় শীর্ষ আদালত। নয়া সংশোধনী জারি করে খারিজ করা হয় ১৯৫৬ সালের হিন্দু সাকসেশন অ্যাক্ট। বাবার সম্পত্তিতে পুরুষ সন্তানের সঙ্গেই কন্যা সন্তানের সমান অধিকার প্রতিষ্ঠা করা হয়।
এবার সেই অধিকারই এক ধাক্কায় বেশ খানিকটা সংকুচিত হয়ে গেল বিচারপতি অনিল আর দাভে এবং আদর্শ কে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশে। নতুন রায়ে বলা হয়েছে, ২০০৫ সালের সংশোধনী আইন ওই বছরের ৯ সেপ্টেম্বরের আগে থেকে কার্যকর নয়। ওই সময়ের আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলে পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীরা কোনো দাবিই জানাতে পারবেন না।
