জিম্বাবুয়ে সফরে দলটির হয়ে সাফল্যের স্বাদ পাওয়ার পর দুই বছরের জন্য আফগানিস্তান ক্রিকেটের কোচ হতে রাজি হয়েছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ ও পাকিস্তান জাতীয় দল নির্বাচক কমিটির সদস্য কবির খান জানিয়েছেন, ইনজামাম আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করতে রাজি হয়েছেন।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) কবির বলেন, আমি ইনজামামের সঙ্গে কথা বলেছি এবং তিনি আফগান দলের সঙ্গে দুই বছরের চুক্তি করতে রাজি হয়েছেন, যা দলটির জন্য খুব ভাল হবে।
বেশ কয়েক বছর আফগানিস্তান দলের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে দলটির অগ্রগতি দেখাশুনা করা কবির বলেন, জিম্বাবুয়েতে দলটির ব্যাটিং কোচের অভিজ্ঞতা উপভোগ করেছেন ইনজামাম।
কবির বলেন, জিম্বাবুয়েতে তিনি যা দেখেছেন তাতে ইনজামাম সন্তুষ্ট এবং তিনি মনে করেন আফগানিস্তান দলে যথেষ্ট ক্রিকেট মেধা রয়েছে এবং তারা সামনে দিকে এগিয়ে যাবে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ঐতিহাসিক সিরিজ জয়ী আফগানিস্তান দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেন পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট ও ৩৮৮ ওয়ানডে খেলা ইনজামাম।
কবির বলেন, সব সময়ই আফগানিস্তানে আক্রমণাত্মক বোলার ও ফিল্ডার ছিল। কিন্তু তাদের ব্যাটিংয়ে উন্নতি করা প্রয়োজন ছিল এবং এজন্য ইনজামাম ছিলেন আদর্শ ব্যক্তি।
তিনি বলেন, ইনজামাম একজন ক্রিকেট গ্রেট এবং তিনি তাদের (আফগান দল) ব্যাটিংয়ের মান অনেক উন্নতি করতে পারবেন। তাছাড়া আফগান ক্রিকেটকে বাধাগ্রস্ত করা রাজনীতি তাকে স্পর্শ করতে পারবে না।
দুই বছর আগে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হওয়ার জন্যও ইনজামামকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় তিনি তা প্রত্যাখ্যান করেন। বাসস।
