বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের সিরিজের পর থেকে দল মানসিক ভাবে উন্নতি করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের আগে তিনি এই কথা বলেন।
গত বছর জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসার আগ পর্যন্ত ভয়াবহ একটা সময় পার করছিল বাংলাদেশ। তখন পর্যন্ত একটি ম্যাচেও কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় পায়নি। উল্টো আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে এবং ঘরের মাটির টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে হেরেছিল হংকংয়ের কাছে। জিম্বাবুয়েকে টেস্ট সিরিজে ৩-০ ও ওয়ানডে সিরিজে ৫-০ তে হারিয়ে ছিল। আর এর পরেই যেন সবকিছু বদলে গেল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেললো। ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি প্রথমবারের মতো সিরিজ জিতেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
জিম্বাবুয়ের বিপক্ষে যখন আরো একটি সিরিজ শুরু হওয়ার আগে সেই সময়টিই মনে করছেন। তিনি বলেন, আগের বারের থেকে আমাদের মানসিকতাটা এখন সম্পূর্ণ ভিন্ন। তখন আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে নিশ্চিত ছিলাম না। এখন তারা বিশ্বাস করা শুরু করেছে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করছে। এই খেলায় মানসিকতা অনেক বড় বিষয়।
কয়েকদিন আগে সাকিব আল হাসান বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দাপট দেখিয়ে জেতা উচিত। এই আগ্রাসী মানসিকতাকে সমর্থন করে কোচ বলেন, এমন মানসিকতা খেলোয়াড়ের জন্য ভালো। আমরা ঘরের মাটিতে খেলা সর্বশেষ তিনটি দলের বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলি তাহলে যেকোনো দলকে বড় ব্যবধানে হারাতে পারবো।
