‘আইএসের বোমায় রুশ বিমানটি বিধ্বস্ত হতে পারে’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৩:৩৩
 
ইসলামিক স্টেটের (আইএস) পেতে রাখা বোমায় মিসরের সিনাই উপদ্বীপে রুশ বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন প্রমাণ থেকে ধারণা পাওয়া যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো এই কথা বলছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবারো বিমান বিধ্বস্তের দায় স্বীকার করেছে আইএস। তারা বলছে, তাদের হামলার ধরণ বিশ্বকে জানাতে এটি করা হয়েছে।
 
শনিবার মিসরের সিনাই থেকে উড্ডয়নের কিছুসময় পরই রুশ বিমান এয়ারবাস এ৩২১ বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২২৪ আরোহীর সবাই নিহত হন।
 
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান নিরাপত্তা সূত্রগুলো বলেছে, বিমান বিধ্বস্তের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।
 
বিস্ফোরক বস্তু ব্যবহার করে বিমানটি ধ্বংস করা হয়ে থাকতে পারে বলে বুধবার প্রথম মন্তব্য করে যুক্তরাজ্য। তবে হামলাকারী হিসেবে সম্ভাব্য কোনো গোষ্ঠীর নাম বলেনি তারা। 
 
IMG0
 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সভাপতিত্বে সরকারি ‘ক্রাইসিস রেসপন্স কমিটির’ এক বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ভিতরে রাখা বিস্ফোরক বস্তুর কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে, এমন জোরালো সম্ভাবনা আছে বলে মনে করছি আমরা।
 
ব্ল্যাক বক্সের তদন্তে নিয়োজিত দলের কাছের একটি সূত্র বলেছে, ধারণা করা হচ্ছে, বিস্ফোরকের কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। তবে সেটি ঠিক কি ধরণের তা পরিষ্কার নয়। ঘটনাস্থলের বালু পরীক্ষা করে দেখা হচ্ছে আসলেই কোনো বোমার আঘাতে এটি ধ্বংস হয়েছে কিনা।
 
তবে মিসর প্রথম থেকেই আইএসের হামলার বিষয়ে অস্বীকার করে আসছে।