স্পিনে কুপোকাত ভারত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২০:৫৮
ভারতে খেলা হলেই প্রতিপক্ষের সামনে স্পিনের জাল বিছিয়ে বসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মোহালি টেস্টে স্পিনের জাল বসাতে ভুল করেনি। তবে সেই জালে ভালোভাবে ধরা খেয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। মোহালিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ২০১ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। 
 
জবাবে ব্যাট করতে নেমে  দিনের শেষভাগে ২০ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ২৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা। ফলে প্রথম দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১৭৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে পতন হওয়া ১২ উইকেটের ৯টি নিয়েছেন দু’দলের স্পিনাররা। 
 
টস জিতে বড় স্কোরের লক্ষ্যে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলপতির এই সিদ্ধান্তটা হয়তো পছন্দ হয়নি ওপেনার শিখর ধাওয়ানের। তাই দিনের ১০ম বলেই প্যাভিলিয়নে জায়গা করে নেন তিনি। রানের খাতা তখনো খোলার সুযোগ পাননি ধাওয়ান। উইকেটটি নেন পেসার ভারনন ফিলান্ডার।  ধাওয়ান ব্যর্থ হলেও দলের রানের খাতা খোলেন তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা ও আরেক ওপেনার মুরালি বিজয়। সেই সাথে দলের রানের চাকা সচলও রাখেন তারা। তাই দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করে ফেলে ৬৩ রান। এই জুটিতে ফাটল ধরান ব্যাটসম্যান হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত বাঁ-হাতি ডিন এলগার। পূজারাকে ব্যক্তিগত ৩১ রানেই আউট করেন এলগার। 
 
IMG0
 
এরপর আরও তিন উইকেট নিয়েছেন এলগার। উইকেটগুলো হলো আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র। রাহানে ১৫, সাহা ০ ও মিশ্র ৬ রানে আউট হন। ব্যাটসম্যান এলগার যেখানে চার উইকেট নিতে পারেন, সেখানে স্পেশালিষ্ট স্পিনার ইমরান তাহির কেন-ই-বা উইকেট শূন্য থাকবেন। তাই ভারতের ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানকে আউট করে ভারতের ইনিংসের ইতি টানেন তাহির।  তবে ভারতের ইনিংসটি আরও আগেই শেষ হয়ে যেত, যদি না ওপেনার বিজয় হাফ-সেঞ্চুরির কোটা পেরিয়ে না যেতেন। সেই সাথে লোয়ার-অর্ডারে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দু’টি গুরুত্বপূর্ণ ছোট ইনিংস না খেলতেন। মূলত জাদেজার ৩৮ ও অশ্বিনের অপরাজিত ২০ রানে ২’শ রান স্পর্শ করে লজ্জা কিছুটা এড়ায় বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের দল ভারত। 
 
১৭ টেস্টে মাত্র ৬ উইকেট নেয়া এলগার শেষ পর্যন্ত ২২ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ইমরান ও ফিলান্ডার ২টি করে উইকেট নেন। ভারতীয়দের নিজের স্পিন দিয়ে ঘায়েলটা ভালোভাবেই করেন এলগার। তাই পিচ সম্পর্কে ধারণাটা ভালোভাবেই নিয়ে নেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওপেনার হিসেবে নেমে ভারতীয় স্পিনারদের ভালোভাবেই সামাল দিয়েছেন তিনি। তাই দিন শেষে ৫৯ বলে ১৩ রানে অপরাজিত থেকে যান এলগার। 
 
IMG1
 
তবে অন্যপ্রান্তে ভারতীয় স্পিনারদের ভালোভাবে বুঝতে পারেননি স্টিয়ান ভ্যান জিল ও ফাফ ডু প্লেসিস। তাই জিল ৫ ও প্লেসিস শূন্য রানে উইকেট পতনের তালিকাতে নিজেদের নাম লেখান। দু’টি উইকেট ভাগাভাগি করেছেন অশ্বিন ও জাদেজা। এলগারের সঙ্গী হয়ে ৯ রান নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামবেন হাশিম আমলা। বাসস।