প্রথম লক্ষ্য জয় : মাশরাফি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৭:২০
জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য প্রদর্শন করে খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সবগুলো ম্যাচ জেতার প্রত্যয় ব্যক্ত করলেও র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক।
 
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  নিজেদের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়ে মাশরাফি বলেন, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট জয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচে প্রাধান্য বিস্তার করে জিততে চাই। আমাদের সে আত্মবিশ্বাস রয়েছে। তাদের হোয়াইটওয়াশ করাও অসম্ভব নয়। আমি মনে করি আসন্ন সিরিজ দুটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যেকোনো সিরিজের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি জিততে পারলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস চলে আসে। আমরা প্রথম ম্যাচটি জিততেই মাঠে নামব। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিং একটা গুরুত্বপুর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। 
 
IMG0
 
জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতলেও মাত্র একটি রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে পরাজিত হলে হারাতে হবে বেশ কয়েকটি পয়েন্ট। তবে জয় নিয়ে আত্মবিশ্বাস দেখালেও র‌্যাঙ্কিং নিয়ে কিছুেই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আসলে এসব নিয়ে একেবারেই ভাবিনি। ম্যাচের আগে এ নিয়ে আলোচনা করাটাই নেতিবাচক। সবাই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চায়। যেভাবে খেলে আসছিলাম, সেভাবে খেললেই ভালো। র‍্যাঙ্কিংয়ে আমরা যে ৭ নম্বর উঠব, এ সব চিন্তা করেও কখনো খেলিনি। এখন র‍্যাঙ্কিংয়ে নেমে যাবে এমন চিন্তা করাটা নেতিবাচক। মাত্রই ডেঙ্গু থেকে সেরে ওঠা মাশরাফি নিজের খেলার সম্ভাবনা সম্পর্কে  বলেন, আমার অবস্থা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। কিন্তু, কালকের (প্রথম ওয়ানডে) ম্যাচে ভালো খেলতে পারবো বলে বিশ্বাসী। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে ভালো করার।