আগামীকাল শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের মোকাবেলা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুপুর একটায় মিরপুরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, আমরা বদলে যাওয়া মানসিকতা নিয়ে ফের স্বাগতিক দলের মোকাবেলা করতে যাচ্ছি। ছেলেরা এখন স্পিনের মোকাবেলা করতে সক্ষম। এই উইকেট সম্পর্কেও আমাদের ভাল ধারণা হয়েছে। এখানে সিমাররাও সহযোগিতা পাবে। আমরা শুধুমাত্র একটি বিভাগ নিয়ে ভাবছিনা। স্পিন হোক কিংবা পেসার সব কিছু মোকাবেলার জন্যই আমরা প্রস্তুত। আমরা এটি প্রমাণ করতে চাই যে ছেলেরা যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।
অবশ্য প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করেছে যে তারা আসলেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে টাইগারদের। এদিকে ২০০১ সালের পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ কখনো হোম সিরিজ হারেনি। গত বছর সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পর অসাধারণ এক জয়ের ধারায় প্রবেশ করেছে টাইগাররা। এ সময় পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজ মাঠ সিরিজ জয় করেছে টাইগাররা। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলার ও যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল।
এরই ধারাবাহিকতা ধরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটিও জয় করার ইচ্ছা ব্যক্ত করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। এদিকে সফরের আগে নিজেদের মাঠে আফগানিস্তানের কাছে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে বাংলাদেশে আসা জিম্বাবুয়ে নতুন করে সব কিছু শুরু করতে চায়। আফগানিস্তানের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর জিম্বাবুয়ে দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নবাগত আফগানদের কাছে। দলপতি চিগুমবুরা বলেন, আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের উপরে তুলে ধরা এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির প্রতি মনোযোগ দেয়া।
শনিবার সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফির অংশগ্রহণের বিষয়টি অবশ্য এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ডেঙ্গু জ্বর থেকে ফেরা এই পেসার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ফিটনেস লাভ করতে পারেননি। সাইড স্ট্রেইনের কারণে একাদশ থেকে আগেই ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলভুক্ত হয়েছেন ইমরুল কায়েস। বাসস।
