বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ম্যাচে ব্যাট হাতে দেখতে চান না টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়া, যেন সাকিব আল হাসানকে ব্যাটিংয়েই নামতে না হয়। তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আমি আশা করি, সাকিব পর্যন্ত ব্যাটিং না আসুক। তবে বোলিংয়ে প্রয়োজন হবে ওকে।'
বাংলাদেশের যে কোনো সিরিজের আগেই আগ্রহের কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন টিম হোটেলে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও উঠল বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে প্রত্যাশার প্রসঙ্গ। আর সেখানে মাশরাফি বললেন, সাকিবকে ব্যাট হাতে নামতেই দেখতে চান না তিনি। ওয়ানডের ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব ব্যাট করেছেন মিডল অর্ডারে। ১৪৮ ইনিংসের ১০৬টিতেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে, ৬-৭ মিলিয়ে ১২ ইনিংস। শনিবার শুরু জিম্বাবুয়ে সিরিজেও পাঁচ-ছয়েই খেলবেন সাকিব। অধিনায়কের তাই প্রত্যাশা, ওপরের দিকের ব্যাটসম্যানরাই কাজ সেরে রাখবেন।
বাংলাদেশ দলে সাকিব ভরসার প্রতিশব্দ। তবে সাম্প্রতিক সময়ে দলে পারফরমার আরো অনেক বেড়ে যাওয়ায় স্বস্তি অধিনায়কের কণ্ঠে। মাশরাফি বলেন, 'সাকিব তো বাংলাদেশ দলে আসার পর থেকে সব সময় একটা নির্ভরতার নাম ছিল। এখনও আছে। শুধু অধিনায়ক হিসেবে আমি নই, গোটা বাংলাদেশই তাকিয়ে থাকে। তবে শেষ কয়েকটা সিরিজে ওর ওপর থেকে চাপ অনেক কমেছে। সব সময় ওর কাছে চাইলে তো হয় না। আমাদের জন্য খুব ভালো যে এখন ওর চাপ একটু কমেছে।' বিডি নিউজ।
