দায়িত্বে অবহেলায় কারণে গাজীপুরে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল হক, এএসআই দিলীপ চন্দ্র সরকার ও এপিএসআই গোলাম মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পিরুজালী এলাকার তরুবীথি নামের একটি বিনোদন কেন্দ্রের কক্ষে মনিরুজ্জামান মাদক সেবন করছিল। সংবাদ পেয়ে পুলিশ মধ্যরাতে ওই পার্কে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্কের অন্যরা পালিয়ে গেলেও মনিরুজ্জামান অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়ে পার্ক থেকে চলে আসে। রাতে ওই পার্কের একটি কক্ষে মনিরুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
