ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলা: ট্রাফিক পরিদর্শকসহ আহত ৫

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৭:২৮
ব্রাহ্মনবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক ও সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এএসপি (সদর) শফিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তা বহনকারী গাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা।
 
পুলিশ জানায়, রাত দেড়টায় জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ গাড়িতে করে ব্রাহ্মনবাড়িয়া থেকে উপজেলা নাসিরনগরে যাচ্ছিলেন। পথে নরসিংদীর মাধবপুর উপজেলার আদাউর নামক স্থানে লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়িটির পেছনের দিকের ও চালকের সামনের ডান দিকের কাচ ভাঙচুর করে এবং গাড়িতে থাকা ওই পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ পাঁচজনকে তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। দুর্বৃত্তরা এ সময় আহতদের মোবাইলসহ নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নেয় তারা। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল কাদের জানান, ঘটনার পর পর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।