রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৭:১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে ভর্তি পরীক্ষার সব আয়োজন সম্পন্ন করেছে। এ বছর ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং ভর্তিচ্ছু ও অভিভাবকদের নিরাপত্তা দিতে ক্যাম্পাসে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
নিরাপত্তা বলয়ের কার্যকরী অংশ হিসেবে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি অন্যতম। সার্বক্ষণিক টহল দিবে পুলিশ ও (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এবার রাবির নয়টি অনুষদের ৫৭ টি বিভাগের চার হাজার ৭২২ টি আসনের বিপরীতে এক লক্ষ ৬০ হাজার ৬৮২ টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
 
রাবি সূত্র জানায়, এ বছর জালিয়াতি ঠেকাতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির (হাজিরা খাতায়) তালিকায় প্রবেশপত্রে প্রদত্ত ছবি রাখা হয়েছে। ফলে প্রক্সি দেয়ার কোনো সুযোগ নেই। এছাড়া বিভিন্ন সময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত বেশ কয়েকজন জুনিয়র শিক্ষক, ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয়দের বাড়ি ভর্তি পরীক্ষার সময় গোয়েন্দা নজরদারিতে থাকছে।
 
সোমবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের জোড় রোল নম্বর; দুপুর একটা থেকে দুইটা ‘বি’ ইউনিটের বিজোড় রোল এবং সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউনিটে জোড়-বিজোড়ের ভিত্তিতে ভর্তি পরীক্ষা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
 
প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জানান, ক্যাম্পাসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতিকালে আটক ২৬ জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে র‌্যাবকে। তাদের তথ্যানুযায়ী ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সজাগ থাকবে র‌্যাব ও পুলিশ। আবাসিক হল ও পাশ্ববর্তী ছাত্রাবাসে কয়েকদিন আগে থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, ক্যাম্পাসে অন্তত ৮/১০ টি টহল টিম সার্বক্ষণিক নজর রাখছে।