নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ : আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৮:৪৬
 
নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ফুটবল দলের নিরাপত্তা প্রতিনিধিরা। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে তারা। জানা যায়, আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ১৪ নভেম্বর বাংলাদেশে আসবে অজি ফুটবল দল।
 
এর আগে  নিরাপত্তাজনিত কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে অস্ট্রেলিয়া ফুটবল দলেরও বাংলাদেশে আসা  নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা।
 
নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদনও করেছিল অস্ট্রেলিয়া। যেন বাংলাদেশ থেকে ম্যাচটি সরিয়ে অন্য কোন দেশে নেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশেনের সেই আবেদন আমলে নেয়নি ফিফা। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট ছিল বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
 
IMG0
পরবর্তীতে অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে তাদের নিরাপত্তা প্রতিনিধি পাঠায়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করে তারা। বৈঠক শেষে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিনিধি দল জানায় বিশ্বকাপ বাছাইয়ের 'বি' গ্রুপের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌছাবে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ।
 
এর আগে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তিন সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মামুনল-এমিলিরা। সকারুদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ।