অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির পরও টানা পঞ্চমবারের মতো দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ সোমবার জিম্বাবুয়ের মোকাবিলায় নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় দুপুর একটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দিবা রাত্রির এ খেলাটি।
অতিথি দলটির বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের সুখস্মৃতিই এদিন বাড়তি অনুপ্রেরণা জোগাবে মাশরাফি বাহিনীকে। যদিও ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন তারা সিরিজের কথা বেশি না ভেবে ম্যাচটিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। গতকাল দলের পক্ষ থেকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি জানান এদিনও জয় নিশ্চিত করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করবেন তারা।
তামিম বলেন, ‘রেকর্ড কিংবা সিরিজ জেতা নিয়ে আমরা ভাবছি না। আমাদের সবার মনোযোগ কালকের (আজ) ম্যাচের দিকে। কারণ এই ম্যাচটা জিতলে অটোম্যাটিক্যালি আমরা সিরিজ জিতছি।’
বাংলাদেশ দলের জয় মানেই টানা সিরিজ জয়ের আগের রেকর্ডটিকেই নতুন উচ্চতায় তুলে আনা। আর প্রত্যাশিত জয়ে সেটি বেড়ে দাড়াবে টানা পঞ্চমবারের মতো নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ জয়। এই জিম্বাবুয়ে দলের বিরুদ্ধেই গত ডিসেম্বরে যার সূচনা হয়েছিল। এরপর একে একে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। এছাড়াও জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজে জয় পরাজয়ের পরিসংখ্যানে ৯-৬ ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ দল।
স্বাগতিক বাংলাদেশ অবশ্য এ খেলাটিতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না। কেননা প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রাখা সাকিব সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কাল রাতেই আমেরিকা চলে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন এনামুল হক বিজয়।
