সেভিয়ার বিপক্ষে রিয়ালের হার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১১:০১
স্প্যানিশ লা লিগায় একই রাতে মাঠে নেমেছিল ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বার্সেলোনা। তবে কয়েক ঘন্টা পরেই সেই স্থানটি আবারও নিজেদের দখলে নেয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু শেষপর্যন্ত সেভিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি রাফায়েল বেনিতেজের দলের।
 
এস্তাদিও র‌্যামন সানচেজে ম্যাচের ২২ মিনিটে সার্জি রামোস প্রথম গোল করে রিয়ালকে বড় জয়েরই স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটেই রিয়ালের এই গোলের শোধ দেন সেভিয়া খেলোয়াড় সিরো ইম্মোবিলেরা। প্রথমার্ধে ১-১ ব্যবধানে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
 
ঘরের মাঠে সমতায় ফেরার আত্মবিশ্বাসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেভিয়া। এরপর রিয়ালের রক্ষণে ক্রমেই চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। ফলে ম্যাচের ৬১ মিনিটে এভার বনেগা এবং ৭৪ মিনিটে লরেন্তের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া।
 
প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে রিয়াল। শেষপর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে রদ্রিগেজের কল্যাণে ব্যবধান কমালেও হার এড়ানো সম্ভব হয়নি দলটির। ফলে ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
 
এদিকে ইনজুরি কাটিয়ে রিয়াল শিবিরে ফিরেছেন গ্যারেথ বেল। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন আরেক তারকা স্ট্রাইকার হামেস রদ্রিগেজও । কিন্তু তারপর প্রতিপক্ষের মাঠে জয় ছিনিয়ে আনতে পারেনি তারকাসমৃদ্ধ মাদ্রিদের ক্লাবটি। ম্যাচের অতিরিক্ত সময়ে রদ্রিগেজ শেষ গোলটি করতে না পারলে হয়তো বড় লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো লস ব্লাঙ্কোসদের।
 
এই হারে ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা।