নেইমারের নৈপুণ্যে বার্সার জয়

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১২:২৫
 
নেইমারের নৈপুণ্যে লা লিগায় আবারো জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। দলের পক্ষে নেইমার দুইটি ও সুয়ারেজ একটি গোল করেন।
 
নিজেদের মাঠে ম্যাচের ২০তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। সুয়ারেসের ক্রস ডিফেন্ডাররা পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে যান দানি আলভেস। তার জোরালো শট জোনাথান দস সান্তোসের গায়ে লাগে।
 
IMG0
 
৩৭তম মিনিটে আচমকা শটে সুযোগ নিতে চেয়েছিলেন ভিয়ারিয়ালের স্ট্রাইকার রবের্তো সলদাদো। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
 
ম্যাচের ৪৪তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু অল্পের জন্য সেটি বিফলে যায়।
 
বিরতির পরই ফ্রি-কিকের দাবিতে রেফারিকে চাপ দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার আর সুয়ারেস। পরের মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারত বার্সেলোনা।  নেইমারের দারুণ ক্রসে মুনির এল হাদ্দাদি মাথা লাগাতে না পারলেও বল পেয়ে যান আলভেস। ব্রাজিলের এই ডিফেন্ডারের ভলি কর্নারের বিনিময়ে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক।
 
৬০তম মিনিটে দারুণ এক গোল করেন নেইমার। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পাস ধরে ডি-বক্সে দারুণভাবে বল বাড়ান তিনি। বাম পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করতে মোটেও বেগ পেতে হয়নি নিজের সেরা ফর্মে থাকা নেইমারের।
 
IMG1
 
১০ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ডি-বক্সে মুনিরকে শুয়ে পড়ে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন হুয়ামে কস্তা। পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।
 
৭৮তম মিনিটে সুয়ারেজের আচমকা শট শুয়ে পড়ে ঠেকান গোলরক্ষক। তিন মিনিট পর নেইমারের নিচু ক্রস থেকে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন অনেকটা ফাঁকায় দাঁড়ানো সের্হিও রবের্তো।
 
৮৫তম মিনিটে সুয়ারেজের সঙ্গে বল দেয়া নেয়া করে দারুণ এক করলেন নেইমার। মাঝমাঠে বল পেয়ে নেইমার তা দিয়েছিলেন আক্রমণের সঙ্গীকে। সুয়ারেস বাম দিকে এগিয়ে ক্রস বাড়ালেন ডি-বক্সে। পেট দিয়ে বল থামিয়ে ডান পায়ে ফ্লিক করে ওপরে একটু তুলে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে ঐ পায়ের ভলিতেই অসাধারণ এক গোল করেন নেইমার।
 
১১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২৭। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ না জিতলে এই রাউন্ড শেষে শীর্ষে থেকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরাই।