নেপালের ফুটবলারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৬:৫৫
 
ঘুষ নিয়ে ইচ্ছাকৃতভাবে খেলায় হেরে যাওয়ায় নেপালের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ২০১১ সালে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা চলার সময় এই ঘুষ লেনদেন করা হয় বলে অভিযোগ উঠেছিল।
 
নেপাল পুলিশ গত মাসে দলের সাবেক ক্যাপ্টেন সাগর থাপা, গোল রক্ষক রিতেশ থাপাসহ পাঁচ জনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, তাদের ব্যাংক একাউন্টে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে যা দক্ষিণ এশিয়ার জুয়াড়িরা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
 
বাছাই পর্বের ম্যাচে ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়ার অভিযোগ রয়েছে ফুটবল দলটির সদস্যদের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ফুটবলাররা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।
 
কাঠমন্ডুর বিশেষ একটি আদালতের রেজিস্ট্রার ভদ্রকালী পোখারেল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, 'গত মাসে গ্রেফতারকৃত পাঁচ ফুটবলারের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আদালতের কাছে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছে।'
 
নেপালের ১৯৮৯ সালের একটি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে রাষ্ট্রপক্ষ। ওই আইনে বলা হয়েছে, 'কেউ নেপালের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য বিনষ্ট করলে বা করার চেষ্টা করলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।' সূত্র: বিবিসি