ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ডেভিড ময়েস এবার স্প্যানিশ লা লিগা ক্লাব রিয়াল সোসিয়েদাদ থেকেও বরখাস্ত হলেন। লা লিগায় সোসিয়েদাদের একের পর এক ব্যর্থতায় ময়েসকে চাকুরী হারাতে হয়েছে।
ক্লাবের এক বিবৃতিতে ময়েসের সাথে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ক্লাবের জন্য তার অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে।
ইতোমধ্যেই বার্সেলোনার রিজার্ভ দলের সাবেক কোচ ইউসেবিও সাকরিস্টানকে স্কটিশ ময়েসের স্থানে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সূত্রমতে জানা গেছে ২০১৭ সালের জুন পর্যন্ত তার সাথে চুক্তি করেছে সোসিয়েদাদ।
গত বছরের নভেম্বরে সান সেবাস্টিয়ান দলটির দায়িত্ব গ্রহণ করেন ময়েস। এর আগে মাত্র সাত মাস ম্যানচেস্টার ইউনাইটেডে কাজ করার পরে প্রিমিয়ার লীগে চরম ব্যর্থতার খেসারতে তাকে চাকুরী হারাতে হয়েছিল। কিংবদন্তী ম্যানেজার স্যার এ্যালেক্স ফার্গুসনের অবসরের পরে তার উত্তরসূরি হিসেবে ময়েসকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু ফার্গুসনের ২৪ বছরের ক্যারিয়ারের সাফল্যকে সামনে এগিয়ে নিয়ে যাবার সামর্থ্য ছিল না ময়েসের। সে কারণেই এক মৌসুম পার না হতেই চাকুরী হারাতে হয়েছিল।
IMG0
লা লিগায় শুক্রবার নতুন খেলতে আসা লাস পালমাসের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে সোসিয়েদাদ তাদের ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। ১১ ম্যাচে মাত্র নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে কোন রকমে রেলিগেশন জোনের ঠিক উপরের স্থানে অবস্থান করছে সোসিয়েদাদ। ৩৬৪ দিন আগে যখন ময়েসকে নিয়োগ দেয়া হয়েছিল ঠিক এই অবস্থানেই ছিল তারা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ময়েসের সাথে ক্লাবের চুক্তি ছিল। কিন্তু ক্লাব সভাপতি জোকিন আপেরিবের ব্যক্তিগত পছন্দ স্বত্বেও সমর্থক ও স্থানীয় গণমাধ্যমের চাপে শেষ পর্যন্ত স্কটিশ কোচকে চাকরীচ্যুত করতে বাধ্য হয় সোসিয়েদাদ। স্প্যানিশ ক্লাবটির খেলার কৌশলে কোন ধরনের পরিবর্তন আনতে পারেনি ময়েস, যা তাকে সবচেয়ে বেশী সমালোচিত করেছে। এছাড়া ভাষাগত সমস্যাও ছিল। ৫২ বছর বয়সী ময়েস সব সংবাদ সম্মেলনেই ইংরেজীতে কথা বলেছেন যা স্থানীয় গণমাধ্যম খুব একটা ভাল চোখে দেখেনি।
চুক্তির শুরুতে তার সাথে শর্ত ছিল যেকোন ভাবেই হোক সোসিয়েদাদকে রেলিগেশন জোন থেকে উপরে উঠাতে হবে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে শুধু ব্যর্থতাই ময়েসের সাথী হয়েছে। এবারের লীগে টেবিলের তলানিতে থাকা দুই দল গ্রানাডা ও লেভান্তের বিপক্ষে দুটি ম্যাচে জয় ছাড়া ময়েস সোসিয়েদাদকে আর কিছুই দিতে পারেননি। বাসস।
