নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনএলডি: সু চি

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৮:১১
মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, ঐতিহাসিক সাধারণ নির্বাচনে তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে। মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, এ পর্যন্ত ঘোষণায় তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিম্নকক্ষের ৮৮ আসনের মধ্যে ৭৮টিতে জয়ী হয়েছে। 
 
মিয়ানমারে পার্লামেন্টের ৬৬৪টি আসনের মধ্যে এক চতুর্থাংশ সেনাবাহিনীর জন্যে সংরক্ষিত। বাকী যেসব আসনে নির্বাচন হয়েছে তাতে এনএলডিকে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হতে হবে। এ প্রসঙ্গে সু চি বলেন, তার দল এ অবস্থাকেও ছাড়িয়ে গেছে এবং প্রায় ৭৫ শতাংশ আসন জিতেছে। তবে আনুষ্ঠানিক ফলাফলের জন্যে কয়েকদিন অপেক্ষা করতে হবে। সাক্ষাতকারে সু চি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলেও অনেকটাই অবাধ হয়েছে।
 
IMG0
 
নোবেল বিজয়ী সু চির দল গত ২৫ বছরে এই প্রথম রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে ১৯৯০ সালের নির্বাচনে সু চির দল যুগান্তকারী বিজয় পেয়েছিল। কিন্তু জান্তা সরকার ওই বিজয় প্রত্যাখ্যান করে। সু চিকে গৃহবন্দী এবং তার ঘনিষ্ঠদের কারারুদ্ধ করা হয়। বাসস।